পর্ন ভিডিও ব্যবসা, ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

২০ অক্টোবর, ২০২০ ১৬:০১  
আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিশে শিশু পর্নোগ্রাফি তৈরি করে ছড়িয়ে দেওয়ায় ঢাকার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ। পুলিশের দাবি, তারা আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত। রাজধানীর শাহজাহানপুর, রামপুরা এবং পল্লবী এলাকা থেকে গত ১৫ অক্টোবর তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বোরহানউদ্দিন (২৬), আব্দুল্লাহ আল মাহমুদ (২৫) এবং অভি হোসাইন (২৫)। সাইবার ক্রাইম তদন্ত বিভাগ জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার পর শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো অভিযুক্তরা। তারপর সেসব অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতো তারা। পুলিশের দাবি, স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ফরেনসিক টেস্টের মাধ্যমে বিষয়টির প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে রমনা থানায় পর্নোগ্রাফি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতের কাছে ১৬৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা।